
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাইসেন্স ছাড়াই আইসক্রিম তৈরি ও অনুমোদনহীন রং ব্যবহারের দায়ে একটি আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় লাইসেন্স না নেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৩ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সজীব পাল।
প্রশাসনিক সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি বিশেষ টিম।
অভিযান সূত্রে জানা যায়, অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহার এবং লাইসেন্স ছাড়াই আইসক্রিম উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের দায়ে মো. সাজেদুর রহমানের মালিকানাধীন ‘লোটাস সুপার আইসক্রিম’ কারখানাকে এ জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। এ সময় কারখানা থেকে সাতটি ফ্রিজ ভর্তি অননুমোদিত রং ও ফ্লেভারযুক্ত আইসক্রিম জব্দ করে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, এর আগেও একবার ওই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনার চেষ্টা করা হলে কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার পুনরায় অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
এ সময় সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।