
রংপুর-এ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ ও সাধারণ সভার দাবিতে প্রতীকী কর্মবিরতি পালন করেছে মোটর শ্রমিকরা।
রোববার (৩ মে) দুপুরে কেন্দ্রীয় টার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকদের ব্যানারে আয়োজিত কর্মবিরতিতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে না। আদালতের নির্দেশ ও শ্রম দপ্তরের চিঠি থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে সভা আয়োজন করা হয়নি বলে দাবি তাদের।
বক্তারা জানান, একটি রিট পিটিশনের পর বিভাগীয় শ্রম অধিদপ্তর থেকে সাধারণ সভা আয়োজনের নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কিছু ব্যক্তির প্রভাব ও যোগসাজশের কারণে সাধারণ সভা আয়োজন ব্যাহত হচ্ছে, ফলে শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে। নির্বাচিত কমিটি না থাকায় শ্রমিকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন বলেও উল্লেখ করা হয়।
কর্মসূচিতে শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মুকুল, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, ড্রাইভার শফি ও জাহিদুলসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
বক্তারা দ্রুত সাধারণ সভা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় শ্রমিক স্বার্থ রক্ষায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
কর্মবিরতিতে বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।