
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে পৃথক অভিযানে একটি অবৈধ কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (৪ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ‘শাওন স্টোর’কে ৫ হাজার টাকা এবং ‘বায়োজিন স্টোর’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উভয় প্রতিষ্ঠান থেকে ১০০ কেজি করে মোট ২০০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া ও পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।
এদিকে একই দিনে পৃথক আরেকটি অভিযানে সদর উপজেলার ফতুল্লা এলাকায় একটি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের মোহাম্মাদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীতে অবস্থিত ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাস মিটার খুলে নেওয়া হয়।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ জানান, পরিবেশের ক্ষতি রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুদ ও বাজারজাতকরণ বন্ধে এবং দূষণকারী কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।