
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন্নাহার পপিকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখা।
রোববার (৩ মে) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার পাঁচ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি আঞ্জুমান আরা বেগম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইমাম, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি, গোয়ালন্দ উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি। অভিযুক্ত শরিফুল সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে শরিফুল সরদার প্রধান শিক্ষকের কাছে গর্ভবতী ভাতার ফরমে স্বাক্ষর নেওয়ার জন্য চাপ দেন। কাগজপত্র অসম্পূর্ণ থাকায় প্রধান শিক্ষক তাকে অপেক্ষা করতে বললে তিনি উত্তেজিত হয়ে অশালীন আচরণ ও গালাগাল করেন। এক পর্যায়ে তিনি লাঠি নিয়ে হামলার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন।