
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামে ২৫ টাকার প্রলোভনে এক মানসিক প্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই প্রতিবন্ধী শিশুটির বাবা মা ঢাকায় গার্মেন্টেসে চাকরি করেন। তাদের মেয়ে ওই গ্রামে নানার বাড়িতে থেকে স্থানীয় স্কুলে ২য় শ্রেণিতে লেখাপড়া করে।
গত ২৬ এপ্রিল সকালে ওই শিশু স্কুলে যাওয়ার পথে একই এলাকার বেলাল হোসেনের ছেলে শান্ত (২৫) তাকে ফুসলিয়ে মাত্র ২৫ টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর ওই শিশু অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা জানতে পারে এবং শনিবার তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রোববার রাতে শিশুর বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান আলোকিত বাংলাদেশকে বলেন, প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।