ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়

রংপুরে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়

রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ই মে) দুপুরে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. শাহজাহান আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সংবাদপত্র সমাজ ও রাষ্ট্রের দর্পণ। সাংবাদিকগণ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ সমাজের নানা অসংগতি ও দুর্নীতির চিত্র জনসম্মুখে তুলে ধরেন।

গুজব প্রসঙ্গে তিনি বলেন, এটি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক ক্ষতি বয়ে আনে। যেকোনো তথ্যকে অন্ধভাবে গ্রহণ না করে, সেটি গুজব কিনা তা আগে যাচাই করা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে বিশেষ করে ইউটিউব ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০২৫ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ বলেন, এই আইনে মানহানি ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে, যা গুজব রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা হলে সংবাদকে বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য করা সম্ভব। এক্ষেত্রে সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে যোগাযোগ রাখাও গুরুত্বপূর্ণ। নিয়মিত জ্ঞানচর্চা ও দায়িত্ববোধের মাধ্যমে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের জন্য তিনি গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান।

আলোচনা সভার শুরুতে রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. শাহজাহান আলী গুজবের উদ্দেশ্য, ধরন, হাতিয়ার, সমাজ ও রাষ্ট্রে এর প্রভাব এবং প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্ব সম্পর্কে স্থিরচিত্র উপস্থাপন করেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মী তথ্যের ঘাটতি হলে মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার কথা বলেন। পাশাপাশি তথ্যের সাথে সংশ্লিষ্ট দপ্তরসমূহের ওয়েবসাইটের হালনাগাদকরণ, সামাজিক মাধ্যমে গুজব ছড়ালে তা যাচাই করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং এবিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম জোরদারকরণের ওপর মতামত ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক তথ্য অফিস, রংপুরের সহকারী তথ্য অফিসার আয়েশা সিদ্দিকা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য অফিস, রংপুরের সহকারী তথ্য অফিসার মো. রুপাল মিয়া।

রংপুর,গুজব প্রতিরোধ,গণমাধ্যম,মতবিনিময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত