ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলালো ছাত্রদল

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলালো ছাত্রদল

বিভিন্ন দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে উপাচার্য কার্যালয়ে তালা দিয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন অর্ণব। এসময় সদস্য সচিব জিশান আহম্মেদ, শরিফ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আইন না মেনে নিজের খেয়ালখুশিমতো নিজের পছন্দের লোককে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নয় বরং দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে জামায়াতীকরণ করেছেন। পাশাপাশি আওয়ামী শিক্ষকদের বিভিন্ন পদে পদায়নও করেছেন।

ছাত্রদল আরও অভিযোগ করেন, এই উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অডিট আপত্তি রয়েছে, যার মধ্যে বরাদ্দে অতিরিক্ত জ্বালানী উত্তোলন, এক খাতের বরাদ্দ অন্য খাতে ব্যয়সহ পাহাড়সম অভিযোগ রয়েছে।

তাছাড়াও এই উপাচার্য ৫ আগস্ট পরবর্তী ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের অজুহাতে শহীদের বেদীতে ছাত্রদলের দেওয়া ফুল বেদী থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন। কিন্তু সেই তিনিই বিকালে ক্যাম্পাসে ছাত্রশিবিরের একই ধরনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তারা আরও বলেন, মূলত তিনি এই বিশ্ববিদ্যালয়কে শিবিরের ঘাঁটি হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। আমরা এমন দলকানা উপাচার্য চাই না। তাই এই আলটিমেটাম। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মানা না হলে পুরো বিশ্ববিদ্যালয়সহ রাঙামাটি জেলা অচল করে দেওয়া হবে।

ছাত্রদল অভিযোগ করেন, উপাচার্য বিভিন্ন সময়ে জামায়াত ও ছাত্রশিবিরের অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং বিধিবহির্ভূতভাবে প্রকল্প পরিচালক নিয়োগসহ আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত। দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি এবং জামায়াতীকরণের অভিযোগ তুলে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপাচার্য মো. আতিয়ার রহমান। তিনি বলেন, “আমার কাছে এ ধরনের কোনো অভিযোগ এখনো আসেনি। তারা কী কারণে পদত্যাগের দাবি করেছে, সেটিও আমি জানি না। আমি বর্তমানে ঢাকায় আছি। ফিরে এসে তাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করব।”

তিনি বলেন, “দাবি-দাওয়া থাকলে তা নিয়মতান্ত্রিকভাবে উপস্থাপন করা উচিত। পুরোনো পদ্ধতিতে ফিরে যাওয়া ঠিক হবে না।”

সংবাদ সম্মেলন শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেয় নেতাকর্মীরা।

তালা ঝুলালো ছাত্রদল,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,রাঙামাটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত