
ভোলার লালমোহনে নারকেল পাড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মাসুদ হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত মাসুদ লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাওলাদারবাড়ির আজগর আলী হাওলাদারের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আকতার (৩৫), মো. তানভীর (২৫), মো. ফিরোজ (৫০) ও রেশমা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, বুধবার দুপুরে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে মাসুদ হাওলাদারের ঘরের পেছনে প্রতিপক্ষ রেশমা, সজিবসহ কয়েকজন নারকেল পাড়তে যান। এ সময় মাসুদের মেয়ে মাসুমা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষ দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় মাসুদসহ আহতদের উদ্ধার করে প্রথমে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর আহত মাসুদের শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।