
দেবহাটা থানা পুলিশের অভিযানে ভারতীয় রেণু পোনা আটক করা হয়েছে। পরে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম ও উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে দেবহাটার বসন্তপুর খালে অবমুক্ত করা হয়। আটককৃত রেণু অবমুক্ত করার সময় সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের সতর্ক করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম।
সংশ্লিষ্ট পুলিশ সূত্র মতে, শনিবার (৯ মে) রাত ১২টার দিকে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনাকালে দেবহাটা থানাধীন কুলিয়া বাজারে সাতক্ষীরা দধি ঘরের সামনে পুলিশের গাড়ি দেখে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালক এবং একজন আরোহী তাদের কাছে থাকা একটি বস্তা উক্ত দধি ঘরের সামনে রাস্তার উপর ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তা খুলে পাঁচটি পলিথিনে চিংড়ি মাছের রেণু উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, প্রতিটি পলিথিনে প্রায় ২০ থেকে ২৫ হাজার চিংড়ির রেণু ছিল। উদ্ধারকৃত রেণুর মূল্য প্রায় দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা বলে জানা গেছে।
এ বিষয়ে দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাতেই জব্দকৃত রেণু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়। এ সময় দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, সহকারী উপ-পরিদর্শক নকীব পানু এবং পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধভাবে ভারতীয় রেণু পোনা এনে দেশের দেশীয় হ্যাচারির সুনাম ক্ষুণ্ন করছে। তাই এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেণু পোনাগুলো জব্দ করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় খালে অবমুক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিনে পুলিশের পৃথক অভিযানে ২০ বস্তা ভারতীয় রেণু পোনা জব্দ করে ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছে।