ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহ শুরু

চুয়াডাঙ্গায় ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহ শুরু

জেলা প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় শহরের মহিলা কলেজপাড়ার একটি আমবাগান থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ২০ জুন হাড়িভাঙা, ২২ জুন ব্যানানা, ৩০ জুন আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি জাতের আম সংগ্রহ করা যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আমের গুণগত মান বজায় রাখতে বাগান মালিক ও ব্যবসায়ীদের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অবশ্যই অনুসরণ করতে হবে। ক্যালেন্ডার অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমে কোনো ধরনের রাসায়নিক বা ফরমালিন ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে নিরাপদ আম সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত তদারকি চালাবে।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শমীম, প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, আম চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, সহ-সভাপতি আব্দুল করিমসহ স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এ বছর জেলায় প্রায় ৩০ হাজার ৮৪২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, অনুকূল আবহাওয়া ও সঠিক ব্যবস্থাপনার কারণে এবার আমের ভালো ফলন ও বাজারমূল্য পাওয়া যাবে।

চুয়াডাঙ্গা,ম্যাঙ্গো ক্যালেন্ডার,আম সংগ্রহ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত