
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরকে সারাদেশের রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার নতুন রেলপথ সম্প্রসারণ বিষয়ে এক ঐতিহাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্ভাব্য এই রেললাইন নির্মাণকে ঘিরে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
বুধবার বিকেল ৩টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব জাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা।
বক্তব্যে প্রধান অতিথি ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত সীমান্তবর্তী দুর্গাপুরে রেললাইন স্থাপিত হলে এ অঞ্চলের অর্থনীতি, পর্যটন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বিশেষ করে দেশের অন্যতম পর্যটনসমৃদ্ধ এলাকা বিরিশিরি ও সীমান্তাঞ্চল রেল যোগাযোগের আওতায় এলে পর্যটন শিল্পে অভূতপূর্ব গতি আসবে।”
তিনি আরও বলেন, রেলপথ সম্প্রসারণ বাস্তবায়িত হলে দুর্গাপুরের সঙ্গে দেশের অন্যান্য জেলার যোগাযোগ সহজ হবে, কৃষিপণ্য ও খনিজ সম্পদ পরিবহনে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।
সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। স্থানীয় জনগণ মনে করছেন, এ রেললাইন চালু হলে দুর্গাপুরে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে এবং পর্যটননির্ভর নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।