
কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী নদীতে নৌকা ডুবে নিখোঁজের ২০ ঘন্টা পর এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কৃষক ঈমান মিয়া (২৬) উপজেলার নূরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, বুধবার (১৩ মে) বিকেলে ঈমান মিয়াসহ কয়েকজন শ্রমিক হাওর থেকে ধান কাটার কাজ করে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে নূরপুর এলাকায় কালনী নদীতে পৌঁছালে হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকাটি দুলতে থাকে। এসময় নৌকার পানি সেঁচার কাজে ব্যবহৃত সেঁউতি পানিতে পড়ে গেলে সেটি উঠাতে নদীতে নামেন ঈমান মিয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মোহাম্মদ রোকনুজ্জামান।