
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম আকন্দ তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি অডিও ক্লিপকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার সন্ধ্যার পর পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। উপজেলা বিএনপির দিকনির্দেশনায় কুমেদপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী ও জনপ্রিয় হয়ে উঠেছে। এতে রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে আবুল কাসেম আকন্দ আরও উল্লেখ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও কথোপকথন ছড়িয়ে পড়েছে, যেখানে তার ছবি ব্যবহার করা হয়েছে। তবে ওই অডিওর কথোপকথন তার নয় এবং এ ধরনের কোনো বিষয়ে কোনো নারীর সঙ্গে তার কথাবার্তাও হয়নি।
তিনি বলেন, “কে বা কারা রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমার সম্মান ক্ষুণ্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”
তিনি এ অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবি জানান।
উক্ত সংবাদ সম্মেলনে কুমেদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেনসহ বেশ কয়েকজন দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।