ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আলমডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আলমডাঙ্গায় ভ্যান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুদু মিয়া (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন বটগাছের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুদু মিয়া উপজেলার আসাননগর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি বেকারির ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন।

নিহতের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় উপজেলার আসাননগর এলাকা থেকে কয়েকজন যুবক ভ্যান চুরির অভিযোগে দুদু মিয়াকে তুলে নিয়ে যায়। এরপর থেকে দুদুর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে রাত ১০টার দিকে হাউসপুর ব্রিজ সংলগ্ন বটতলার নিচে মরদেহ পড়ে থাকতে দেখে আলমডাঙ্গা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমানের ছেলে জয়নাল আবেদীন জানান, দুইদিন আগে ঘটে যাওয়া একটি ভ্যান চুরিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বাবা মিজানুর রহমান জানান, গত শুক্রবার (১৫ মে) ৩/৪ জন যুবক আমার বাড়িতে আসে এবং ভ্যান চুরির অভিযোগ এনে দুদু মিয়াকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে হত্যার হুমকি দেখে চলে যায়।

তিনি আরো জানান, রোববার সন্ধ্যায় আসাননগর এলাকা থেকে তার ছেলে দুদুকে তুলে নিয়ে যায় হাউসপুর গ্রামের হাফিজুল-সহ তার দুই ছেলে অন্তর ও আশিক। এরপর তাকে হাউসপুর ব্রিজ সংলগ্ন বটতলার নিচে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায় তারা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন ও আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।

আলমডাঙ্গা,ভ্যান চুরি,পিটিয়ে হত্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত