
চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর শহরের বিএডিসির ভেতরে আম কুড়াতে গিয়ে সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম উপজেলার পৌর শহরের ফার্মপাড়া এলাকার আলম হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে সাদ্দাম হোসেন বাড়ির পাশের বিএডিসির ভেতরে ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে যান। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর শেফালী খাতুন জানান, ঝড় থেমে গেলে সাদ্দাম হোসেন বিএডিসির ভেতরে আম কুড়াতে যান। সেখানে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তার তার পায়ে জড়িয়ে যায়। এ সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হয়ে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারেক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মৃত্যুর ঘটনাটি তিনি শুনেছেন।
ধারণা করা হচ্ছে, বজ্রপাত অথবা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা গেছেন। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।