
যশোরের বেনাপোল রেলস্টেশনে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রেনে অভিযান চালিয়ে ৩২০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ মে) রাত সাড়ে ১০টার দিকে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় পণ্যবাহী ট্রেনে করে কোডিন ফসফেট মেশানো ‘এস্কাফ’ নামের একটি সিরাপ বাংলাদেশে পাচার করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভারতে কাশির ওষুধ হিসেবে ব্যবহৃত হলেও এই সিরাপ নেশাদ্রব্য হিসেবে ব্যাপক অপব্যবহারের কারণে সেখানে নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গত কয়েক বছর ধরে মাদককারবারিরা বিভিন্ন কৌশলে এটি বাংলাদেশে পাচার করে আনছে।
সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বাংলাদেশ রেলওয়ে পুলিশের সহযোগিতায় ট্রেনটিতে যৌথ তল্লাশি চালা। এক পর্যায়ে একটি বগির নিচে ইঞ্জিনের সঙ্গে বিশেষভাবে বেঁধে রাখা অবস্থায় ৩২০ বোতল সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরাও। বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, কিছু অসাধু চক্র বেনাপোল স্থলবন্দর ও রেলপথ ব্যবহার করে নিয়মিত মাদক পাচারের চেষ্টা করছে। এতে নিরাপদ বাণিজ্য ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। তিনি মাদক প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি আরও জোরদারের দাবি জানান।
অন্যদিকে বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আইনাল হোসেন জানান, বিজিবি ও রেল পুলিশের এ যৌথ অভিযানে পরিচালনো করা হয়। পরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে পণ্যবাহী ট্রেনে নজরদারি আরও বাড়ানো হবে এবং এই পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।