ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জামায়াত কখনো ক্ষমতায় আসতে পারবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জামায়াত কখনো ক্ষমতায় আসতে পারবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ধর্ম আর মিথ্যাচার নিয়ে রাজনীতি চলে না। এদেশের জনগণ মিথ্যাচারদের ক্ষমা করবে না। জামায়াতে ইসলাম মহান মুক্তিযুদ্ধে দেশের বিপক্ষে কাজ করেছে। আমাদের মা-বোনদের সম্ভ্রম হানি করেছে।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে জেলা বিএনপি আয়োজিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি দল এ দেশের জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। অথচ বিএনপি কিন্তু জুলাই সনদ তৈরি করেছে। সংস্কারের দাবিও আমাদের।

মহাসচিব বলেন, আমাদের নেতা তারেক রহমান ঠাকুরগাঁওয়ে এসে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো মাত্র তিন মাসের মধ্যে বাস্তবায়ন হয়েছে। ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর চালু হবে আগামী দুই বছরের মধ্যেই। ইতোমধ্যে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে। মেডিকেল কলেজ স্থাপনের কাজ চলছে। ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী ও রুহিয়াকে উপজেলা করা হয়েছে। অবহেলিত এ জেলা উন্নতির দিকে যাচ্ছে।

এছাড়াও ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, যেহেতু প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কথা দিয়ে গেছেন। তাই আমাদের এটি বাস্তবায়ন করতেই হবে। আগামী দুই বছরের মধ্যে এ বিমানবন্দর চালু হবে এমন আশা ব্যক্ত করেন তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি, আমরা সেটা বাস্তবায়ন করবো না এটা হতে পারে না। খুব দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দর চালু হবে বলে জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ জাহিদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিমান বাহিনী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জামায়াত,ক্ষমতা,ঠাকুরগাঁও,মির্জা ফখরুল,স্থানীয় সরকার মন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত