ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দামুড়হুদায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দামুড়হুদায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর মাঠে ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে অভিযুক্ত তরিকুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত তরিকুল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২০ মে) দুপুরে ওই বৃদ্ধা উপজেলার পার্শ্ববর্তী রামনগর গ্রামের মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ইব্রাহিমপুর গুচ্ছগ্রামে ফিরছিলেন। এ সময় একই গ্রামের উত্তরপাড়া এলাকার তরিকুল ইসলাম তাকে সাহায্যের কথা বলে সঙ্গে নেয়।

এরপর মেনদের মাঠ এলাকায় (ইব্রাহিমপুর পার্কের পেছনে) নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী বৃদ্ধা।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে একটি মহল বিষয়টি ধামাচাপা দিতে মীমাংসার চেষ্টা চালায় বলে জানা যায়। পরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রোববার (২৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তরিকুল ইসলামের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর থানা পুলিশ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে তরিকুল ইসলামকে গ্রেফতার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তরিকুল ইসলামকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

যুবক গ্রেফতার,বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ,দামুড়হুদা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত