ঢাকা শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আবাবিল’-এর আত্মপ্রকাশ

দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আবাবিল’-এর আত্মপ্রকাশ

“প্রভাতের আলোয় একঝাঁক পায়রা” স্লোগানে ‘আবাবিল’ নামক একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। সমাজের গুণীজনদের সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে ‘আবাবিল’-এর আত্মপ্রকাশ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনটির মূল উদ্দেশ্য হলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক মানোন্নয়নে পাশে দাঁড়ানো, মাদকমুক্ত সমাজ গঠন, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতকরণ। সংগঠনটির কর্মকর্তাদের দৃঢ় প্রত্যয়, সমাজের সর্বস্তরের মানুষ এ সংগঠনের পাশে দাঁড়িয়ে এর কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে সহযোগিতা ও পরামর্শ প্রদান করবেন।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চরশ্রীপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ওসমান গনি বাবলা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বিশিষ্ট ক্রীড়াবিদ শিক্ষক আফসার আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, শিক্ষাবিদ প্রফেসর রবিউল ইসলাম ও আবুল হাসান, ‘দরদী’-এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সংগঠনটির অন্যতম পরিচালক নাসিম হোসেন।

এ সময় ইউপি সদস্য কামাল হোসেন, ‘আবাবিল’ পরিবারের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন, শরিফুল ইসলাম, কবির হোসেন, খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন হাফেজে কোরআন, বীর মুক্তিযোদ্ধা, হাজি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, ক্রীড়াবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, আলোকিত পিতামাতা, কৃতী শিক্ষার্থী ও অন্যান্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

এ সংগঠনের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা দূরীকরণ এবং আলোকিত মানুষ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

আত্মপ্রকাশ,‘আবাবিল’,স্বেচ্ছাসেবী সংগঠন,দেবহাটা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত