
দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে স্থানীয় ছাত্রকল্যাণ সংঘ। শুক্রবার (৩০ মে) দিনব্যাপী লালমনিরহাটের আদিতমারী উপজেলার প্রত্যন্ত ভেলাবাড়ী গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধপত্র প্রদান করা হয়।
দিনভর রোগী দেখেন অবসরপ্রাপ্ত লালমনিরহাট সিভিল সার্জন ডা. কাসেম আলী, সদর হাসপাতালের চিকিৎসক ডা. হাফিজুর রহমানসহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
এদিকে একই দিন ‘সচেতন ছাত্রসমাজই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার’—এই স্লোগানে একটি মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় ভেলাবাড়ী ছাত্রকল্যাণ সংঘের সভাপতি আল আমিন, সম্পাদক মোকছেদুল মোমেনিন, উপদেষ্টা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এরশাদ আলী এবং স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রান্তিক ও অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র প্রদান এবং সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে তাদের নানা সামাজিক কাজ প্রশংসার দাবি রাখে। স্থানীয়দের মতে, ছাত্রসমাজের এসব উদ্যোগ সমাজ পরিবর্তনে উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
এদিকে এলাকার বয়োবৃদ্ধ রহমত আলী বলেন, টাকার অভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেননি। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র পেয়ে তিনি ছাত্রকল্যাণ সংঘের সদস্যদের ধন্যবাদ জানান।
বয়োজ্যেষ্ঠ রহিমা বেগম জানান, ‘আমি গরিব মানুষ। তাই ডাক্তারের কাছে যেতে পারিনি। এখানে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে আমি খুব উপকৃত হয়েছি।’ তিনি ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এলাকার শিক্ষার্থী ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছে স্থানীয় ‘ভেলাবাড়ী ছাত্রকল্যাণ সংঘ’। সংগঠনটি শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, মাদকবিরোধী প্রচারণা, বিনামূল্যে চিকিৎসাসেবা, সাধারণ কুইজ প্রতিযোগিতা, খেলাধুলার আয়োজন এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননাসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে এলাকার মানুষের প্রশংসা কুড়িয়েছে।