
খুলনায় ভাড়া বাড়ি থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর সোনডাঙ্গা থানার দারুস আমান মসজিদ এলাকার ‘দারুণ আমার মহল্লার’ বিলপাড় রোডের বাসিন্দা শরীফুল ইসলামের বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত বেবি তার দুই নাতিকে নিয়ে ভাড়াবাসার একটি কক্ষে বসবাস করতেন। একই বাসার অন্য একটি কক্ষে তার মেয়ে মেরি দ্বিতীয় স্বামীকে নিয়ে থাকতেন। ঈদের দিন বিকেলের পর থেকে বেবি ও দুই শিশুকে আর দেখা যাচ্ছিল না। দুই দিন ধরে তাদের কোনো খোঁজ না পেয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে বেবি ও শামীমের মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে ঘরের একটি ট্রাংকের ভেতর থেকে মোস্তাকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তারা অভিযোগ করেন, শিশু দুটির মা মেরি ও তার দ্বিতীয় স্বামী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকে মেরির দ্বিতীয় স্বামী পলাতক রয়েছেন।
খুলনার সোনাডাঙা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের মা মেরিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
আবা/এসআর/২৬