ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সীমান্তে আটক ১০ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর

সীমান্তে আটক ১০ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা বারাদি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিশু ও নারীসহ ১০ জন বাংলাদেশিকে আটক করে। আটকের দীর্ঘ ৩০ ঘণ্টা পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আজ সোমবার (১ জুন) বিকেল ৫টার দিকে তাদের হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃতরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের আশরাফুল ইসলাম (৩৪), শরিফা খাতুন (৩২), হাজমিরা খাতুন (১৩), একই উপজেলার কাটিবাবহাল গ্রামের খান শাকিব (৪৩), শিলুফা বেগম (৩৭), খান তামিম (১৫) ও বিলকিস বেগম (৩৫)সহ আরও তিন শিশু।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার ভোর সোয়া ৫টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা বারাদি বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে দায়িত্ব পালন করছিলেন। এ সময় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৫ শিশু, ৩ নারী ও ২ পুরুষকে আটক করেন বিজিবি সদস্যরা। পরে সোমবার দুপুরে তাদের দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই শেষে সোমবার দুপুরে তাদের দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবারের কাছে হস্তান্তর,১০ বাংলাদেশি,সীমান্তে আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত