
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর ওপর একাধিক যানবাহনের দুর্ঘটনা ও ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপে এ যানজটের সৃষ্টি হয়। এতে চালকসহ যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ঈদের ছুটি শেষে গার্মেন্টসকর্মীসহ বিভিন্ন চাকরিজীবী কর্মস্থলে ফিরছেন। এতে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।
এদিকে শুক্রবার ভোররাতে যমুনা সেতুর উত্তরবঙ্গগামী লেনে বাস, প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুরো লেন ব্লক হয়ে যায়।
এছাড়া, ঢাকাগামী লেনে গার্মেন্টসকর্মীদের বহনকারী রিজার্ভ নেওয়া লোকাল একাধিক গাড়ি বিকল হয়ে পড়ে। এসব কারণে উভয় লেনেই যানজটের সৃষ্টি হয়েছে।
সেতুর গোলচত্বর থেকে কোনাবাড়ী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে এ যানজটের সৃষ্টি হয়। পুলিশ যানজট নিরসনে রাত থেকেই কাজ করে এবং বিকেলের দিকে মহাসড়কে যানজট না থাকলেও ধীরগতিতে যানবাহন চলাচল করছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঈদের ছুটি শেষে গার্মেন্টসকর্মীরা কর্মস্থলে ফিরছেন। এতে যানবাহনের চাপ বাড়ছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে। তবে বিকেল ৪টার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক বলে তিনি উল্লেখ করেন।