ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

‘৩ কোটি টাকা দাবির’ তথ্য ফাঁসের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা

‘৩ কোটি টাকা দাবির’ তথ্য ফাঁসের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা

নোয়াখালীর হাতিয়া উপজেলার সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবির তথ্য ফাঁসকে কেন্দ্র করে ছাত্রদল নেতা আব্দুল গাফফারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ছাত্রদল নেতার নাম আব্দুল গাফফার (২৯)। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড় দেইল গ্রামের মাওলানা মোছলেহ উদ্দিনের ছেলে।

গাফফার দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি হান্নান মাসউদের ঘনিষ্ঠ সহচর ছিলেন।

বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড় দেইল গ্রামে গাফফারের পৈতৃক বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই হাতিয়া উপজেলা ছাত্রদল স্থানীয় সাগরিয়া বাজারে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। তারা হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়।

ছাত্রদল নেতা আব্দুল গাফফার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় হান্নান, রিফাত ও মাহিম সেইফ হোমে ছিলেন। তখন আমিই হান্নান মাসউদকে সেইফ করতাম। তাদের বিভিন্ন ভিডিও ও অন্যান্য কাজও আমি করে দিতাম। হাতিয়ার রাজনীতিতে তাকে আমিই প্রতিষ্ঠিত করেছি। তার কারণে হান্নানের সঙ্গে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে। রাজনৈতিক গার্ডিয়ান হিসেবে ৫ আগস্টের পর প্রায় দেড় মাস আমি তার সঙ্গে ছিলাম। যার কারণে তার অনেক বিষয় আমি জানি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন হান্নান মাসউদ। এজন্য তিনি ৩ কোটি টাকা দাবি করেন। তখন আমি এতে বাধা দিই।

গাফফার অভিযোগ করে বলেন, হান্নানের ৩ কোটি টাকা দাবির বিষয়টি গত বুধবার (৩ জুন) গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁনকে জানান। পরে তিনি এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরপর আমি সেই স্ট্যাটাসটি আমার ফেসবুক ওয়ালে শেয়ার করি। এর পর থেকে হান্নান মাসউদ আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার অনুসারীরা আমাকে ফেসবুকে বিভিন্ন ধরনের হুমকি ও গালাগাল দিতে থাকে।

তিনি দাবি করেন, বিষয়টি হান্নান মাসউদকে জানালে তিনি বলেন, ওই লোকজন তার নিয়ন্ত্রণে নেই, তারা তার কথা শোনে না এবং তারা যা করার করুক।

গাফফার আরও অভিযোগ করেন, সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবির তথ্য ফাঁসের জেরে হান্নান মাসউদের যোগসাজশে তার অনুসারীরা তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা ভবনের একটি জানালা ভাঙচুর করে এবং প্রধান ফটকে হামলা চালায়। পরে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে চলে যায়।

তিনি বলেন, আমার বৃদ্ধ মা জান্নাত আরা বেগম (৬০) ও বাবা মোছলেহ উদ্দিন (৬৯) বাড়িতে একাই থাকেন। তারা এখনও আতঙ্কে রয়েছেন। তারা আমাকে আর কোনো বক্তব্য না দেওয়ার জন্য অনুরোধ করছেন এবং আবারও হামলার আশঙ্কা করছেন।

হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবির বিষয়টি প্রকাশের পর গত দুই দিন ধরে ছাত্রদল নেতা গাফফারকে প্রকাশ্যে হান্নান মাসউদের অনুসারী এনসিপি নেতাকর্মীরা হুমকি-ধমকি দিয়ে আসছে। যারা হুমকি দিয়েছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।

হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক সামছুল কিবরিয়া বলেন, ছাত্রদল নেতা গাফফার দৃঢ়ভাবে বলছেন, এটি এনসিপির নেতাকর্মীরা করেছে। তাহলে আমরা ধরে নেব, তারা নিজেরাই ভাইরাল হওয়ার জন্য এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় এমপি মুঠোফোনে আমাকে বিষয়টি জানালে আমি ঘটনাস্থলে যাই। সেখানে বিএনপির নেতাকর্মীরা একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আমার নিজের বাড়িতে হামলা হয়, আমি সেগুলোই সামাল দিতে পারি না। আমি আরেকজনের বাড়িতে হামলা করব কেন? পুরোপুরি একটি সাজানো নাটক করা হয়েছে, যাতে আমাকে হেয় করা যায়। চেষ্টা করে যাক, দেখা যাক কী করতে পারে।’

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গ্রামের বাড়ির একতলা ভবনের দক্ষিণ পাশটি অন্ধকার। ওই দিক থেকে কেউ একজন ঢিল ছুড়েছে। ইটের টুকরা এসে জানালার একটি অংশ ভেঙে যায়। কে ঢিল মেরেছে, তা কেউ দেখতে পারেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলা,ছাত্রদল নেতার বাড়ি,তথ্য ফাঁসের জের,‘৩ কোটি টাকা দাবির’
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত