
যশোরের বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে সোহাগ হোসেন (৩৬) নামে এক ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি ও তার পরিবারের সদস্যরা অল্পের জন্য রক্ষা পান।
সোহাগ হোসেন বড়আচড়া গ্রামের হায়দার আলীর ছেলে। বর্তমানে তিনি একই এলাকার মশিয়ারের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে সোহাগকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি জানালা ভেদ করে ঘরে প্রবেশ করলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে জানালা ও দরজা ভেদ করে বাইরে চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোহাগ জানান, পূর্বের একটি আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।
ঘটনার খবর পেয়ে নাভারন সার্কেলের এসপি আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ৫ থেকে ৭ জনের নামে মামলা হয়েছে।