
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর মাঠপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে সোহানা খাতুন (১৪) নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহানা খাতুন উপজেলার বেনীপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে এবং মনোহরপুর মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার মনোহরপুর মাঠপাড়া এলাকার একটি ভাড়া বাসার আড়ার সঙ্গে সোহানা খাতুনের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী জীবননগর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মা সালমা খাতুন জানান, তার মেয়ে সোহানা খাতুন মানসিক প্রতিবন্ধী ছিলেন। এ কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।