
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মুনতাজ আলীর ছেলে ও ছাত্রলীগ নেতা নাসিম হোসেন (২৫), গোয়ালপাড়া গ্রামের মৃত জগেন্দ্রনাথ সরকারের ছেলে রাজু আহমেদ (৬০), একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (৫২) এবং উপজেলা শহরের হাসপাতাল পাড়ার নুর ইসলামের ছেলে আব্দুল আউয়াল হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের পৃথক দুটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা ও মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। তাদের দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।