
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলামের ওপর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
পরে এটি দিনাজপুর-দশমাইল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা।
অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও আইআরটি পরিচালক ড. আলমগীর হোসেন এবং অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. সাইফুল হুদা। কর্মসূচির সমাপনী বক্তব্য দেন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান রতন।
বক্তারা বলেন, একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকদের নিরাপত্তা ও স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হবে।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় হবে নিরাপদ শিক্ষার স্থান। শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। দ্রুত সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, সহকারী প্রক্টরের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে গেলে আবরার ফাহাদ হলের কয়েকজন উচ্ছৃঙ্খল শিক্ষার্থীর হামলায় মো. মবিনুল ইসলাম আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে।