
দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‘সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ, সু-শিক্ষায় মেধাবী শিক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে Startup, Science Project and Innovation Idea Showcasing Program উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি সুমা খাতুন প্রতিটি স্টল পরিদর্শন করেন।
বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
তিনি বলেন, ‘শিক্ষার কোনো শেষ নেই। প্রতিটি শিক্ষাই জীবনের একটি অংশ। সকল শিক্ষার্থীর বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রয়োজন রয়েছে, যাতে ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করা যায়।’
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আসাদুজ্জামান। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. মুনতাহা।
আলোচনা শেষে স্টল প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে বীরগঞ্জ ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতন, দ্বিতীয় স্থান অর্জন করে নপাড়া স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে রহিম বখস দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। পরে প্রধান অতিথি সুমা খাতুন বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে উপজেলার মোট ১৫টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন উপস্থিত ছিলেন।