ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন সামসুজ্জামান সামু

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন সামসুজ্জামান সামু

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। তার এ নিয়োগকে ঘিরে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী মহলে সন্তোষ ও আনন্দ প্রকাশ করা হয়েছে। রংপুর মহানগর ও জেলা বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন সামসুজ্জামান সামু।

বর্তমানে তিনি রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত সামসুজ্জামান সামু কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরে তিনি রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।

এছাড়া রাজশাহী বিভাগীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।

রাজনৈতিক জীবনে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আন্দোলনের নেতৃত্ব দেন।

পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ছিলেন বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে।

তার ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তার বিরুদ্ধে ৫০টির বেশি মামলা দায়ের করা হয় এবং এসব মামলায় তিনি প্রায় ২০ বার কারাবরণ করেন।

এছাড়া জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্টের আগে তার নামে ২৫টি মামলা হয়, যার অধিকাংশে তিনি প্রধান বা হুকুমের আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।

রাজনীতির পাশাপাশি তিনি ক্রীড়া সংগঠক, শিক্ষানুরাগী এবং একজন ব্যবসায়ী হিসেবেও পরিচিত। এমএ ডিগ্রিধারী সামসুজ্জামান সামু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, ক্রীড়া ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তিনি ওআইসির শীর্ষ সম্মেলনে সেনেগাল সফর করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ পরিকল্পিত নগরায়ণ ও আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে অবকাঠামোগত উন্নয়ন, নগর ব্যবস্থাপনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে নতুন গতি আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

নিয়োগের পর মহানগর ও জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

সামসুজ্জামান সামু,কর্তৃপক্ষের চেয়ারম্যান,রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত