
চীনকে একটি অত্যন্ত শক্তিশালী ও দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং ক্রমাগত উন্নতির শিখরে পৌঁছাচ্ছে।
তিনি বলেন, চীন শুধু নিজেদের জনগণের কল্যাণেই নয়, বরং বাংলাদেশের সার্বিক উন্নয়নেও বড় ধরনের সহযোগিতা ও সমর্থন দিয়ে যাচ্ছে। রাস্তাঘাট, কালভার্ট, সেতু ও বিশ্ববিদ্যালয় নির্মাণে চীনের ভূমিকা অনস্বীকার্য।
শুক্রবার (১২ জুন) ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে চীন সরকারের পক্ষ থেকে শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তিনি ইতিমধ্যে দুইবার চীন সফর করেছেন। সেই সম্পর্কের ভিত্তিতেই চীনের রাষ্ট্রদূতকে ঠাকুরগাঁওয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে নতুন নতুন শিল্প-কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং এ ক্ষেত্রে চীনা রাষ্ট্রদূত সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মন্ত্রী আরও জানান, আগামী বছরে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবে। তারা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনের একটি রূপরেখা চূড়ান্ত করবে।
চীন সরকারের সৌজন্যে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মোট ৬,৫০০ জন শিশু শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত মি. ইয়ো ওয়েন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ অন্যান্যরা।