
চুয়াডাঙ্গার দর্শনা কামারপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
সোমবার (১৫ জুন) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা উপজেলার কামারপাড়া গ্রামের একটি আমবাগানে এ অভিযান পরিচালনা করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে বারাদী বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ৮১-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের মো. আজিম উদ্দিন মাস্টারের আমবাগানে অবস্থান নেয়। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় আসামিবিহীন এসব অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা। উদ্ধারকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। এর মধ্যে পিস্তলের মূল্য ১ লাখ টাকা, গুলির মূল্য ২০০ টাকা এবং গাঁজার মূল্য ৭ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।