
দিনাজপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১০ জন ভিক্ষুককে ব্যবসার উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন বলেন, এই মালামাল ও নগদ অর্থ দিয়ে তারা যেন ব্যবসার উন্নয়ন ঘটায়। পুঁজি বাড়িয়ে আরও বড় ব্যবসা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকার এই অর্থ প্রদান করছে।
ব্যবসার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। যারা পুঁজি নষ্ট করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে সরকার ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের প্রকল্প বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, সহকারী পরিচালক মো. মুনির হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এবং স্বাগত বক্তব্য দেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।
প্রধান অতিথি মো. রিয়াজ উদ্দিন ২ জন ভিক্ষুককে ভ্যানে করে মুরগি ব্যবসার জন্য উপকরণ ও নগদ অর্থ, ৩ জনকে বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রির জন্য কাপড় ও নগদ অর্থ, ১ জনকে মুদি ব্যবসার জন্য দোকানের মালামাল ও নগদ অর্থ, ১ জনকে ভাঙারি ব্যবসার জন্য ভ্যান ও নগদ অর্থ এবং ৩ জনকে গরু-ছাগল পালনের জন্য নগদ অর্থ প্রদান করেন।
শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই ১০ জনকে নির্বাচিত করা হয়েছে। তারা ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে পারলে ভবিষ্যতে আর ভিক্ষাবৃত্তির প্রয়োজন হবে না, তারা স্বাবলম্বী হয়ে উঠবে।