ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

অসুস্থ মাকে দেখতে এসে বাসস্ট্যান্ডের টয়লেটে প্রকৌশলীর মৃত্যু

অসুস্থ মাকে দেখতে এসে বাসস্ট্যান্ডের টয়লেটে প্রকৌশলীর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেট থেকে ফরিদ উদ্দীন খান (৩৮) নামের এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

নিহত ফরিদ উদ্দীন খান দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের খানপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন প্রকৌশলী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকা মাকে দেখতে বুধবার রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেন ফরিদ উদ্দীন। বৃহস্পতিবার সকালে তিনি দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর পেটে ব্যথা অনুভব করেন। পরে তিনি পাবলিক টয়লেটে প্রবেশ করেন। দীর্ঘ সময় বের না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হলে তারা দামুড়হুদা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন ফরিদ উদ্দীন। তিনিও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কয়েকদিন ধরে তার মা অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাকে দেখার জন্য বাড়িতে আসছিলেন তিনি। দামুড়হুদা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটের ভেতরে অসুস্থ হয়ে মারা যান।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, সকালে ঢাকা থেকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর পেটে ব্যথা অনুভব করলে তিনি পাবলিক টয়লেটে প্রবেশ করেন। সেখানে অসুস্থ হয়ে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টয়লেটে প্রকৌশলীর মৃত্যু,বাসস্ট্যান্ড,অসুস্থ মা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত