ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পীরগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে বিধবার সংবাদ সম্মেলন

পীরগঞ্জে আ.লীগ নেতার বিরুদ্ধে বিধবার সংবাদ সম্মেলন

রংপুরের পীরগঞ্জের চতরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিধবা নারী শারমিন আক্তার সুমী।

আজ বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে ওই বিধবা নারী অভিযোগ করেন, চতরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার ব্যবসা প্রতিষ্ঠান ও তার বসতবাড়ি পাশাপাশি হওয়ায় তার বাড়ির সামন দিয়ে যাতায়াত করতে হয়। তার স্বামী আতিয়ার রহমান ২০২৪ সালের ৯ জুলাই মারা যান। তিনি দুই মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছেন।

জিয়া তার মোবাইল নম্বর সংগ্রহ করে বিভিন্ন সময়ে ফোন করে বিয়ের কথা বলে প্রলোভন দেখাতে থাকেন বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেন ওই নারী।

তিনি জানান, বিয়ের কথা বললে চতরাহাটে তার ব্যবসা প্রতিষ্ঠান “সুমাইয়া বস্ত্র বিতান”-এ স্থানীয় কওমী মাদ্রাসার হাফেজ শরিফুল ইসলামকে দিয়ে ইসলামী শরিয়াহ মোতাবেক ২০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে গভীর রাতে বিয়ে পড়ানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, দোকানে ব্যবসা শেষে গভীর রাতে তিনি তার বাড়িতে অধিকাংশ রাত যাপন করতেন। বিয়ের পর ব্যবসায়িক প্রয়োজনে তার কাছ থেকে বিভিন্ন সময়ে ২২ লাখ টাকা নেন। পরে আরও টাকা চাইলে না দিতে পারায় সংসার টিকিয়ে রাখতে বাধ্য হয়ে তিনি তার ব্যবহৃত ৪ ভরি স্বর্ণালংকার তুলে দেন।

পরে কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য চাপ দিলে প্রথম স্ত্রীর অনুমতি না থাকায় গাইবান্ধা নোটারি পাবলিকের মাধ্যমে ২০ লাখ টাকা মোহরানা উল্লেখ করে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে এফিডেভিট করা হয় বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, সামাজিকভাবে স্ত্রী হিসেবে স্বীকৃতি চাইলে কিছুদিন পর রেজিস্ট্রি করে সামাজিক স্বীকৃতির অঙ্গীকার করা হয়।

পরবর্তীতে দীর্ঘ সময় অপেক্ষার পর তিনি তার গ্রামের বাড়িতে গেলে তাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় এবং যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি গত ২ জুন পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, তাকে সমাজের চোখে পতিতা হিসেবে আখ্যা দিতে প্রযুক্তির আশ্রয় নিয়ে কুৎসা রটানো হচ্ছে। এতে তার সামাজিকভাবে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি স্ত্রীর স্বীকৃতির জন্য প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং মানবাধিকার সংগঠনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলন,বিধবা,আ.লীগ নেতা,পীরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত