
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় দলটি গত ৫০ বছর ধরে সংগ্রাম করে আসছে।
শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতার বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চায়—এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন তোলার সুযোগ নেই।
এসময় তিনি মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর আসন্ন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেন।
এর আগে মন্ত্রী মোল্লারচর সাঁকো পরিদর্শন, ভবেরচর বাজার মার্কেট ভবনের উদ্বোধন এবং একটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সার্কিট হাউসে জেলার অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।