
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ সচিব মো. রিবুল জিসান (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কর্মস্থল ফরিদপুর সদর উপজেলার ঈষান গোপালপুর ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিবুল জিসান মোটরসাইকেলযোগে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাসটি মোটরসাইকেলের ওপর উঠে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিবুল জিসানের মৃত্যু হয়।
নিহত রিবুল জিসান বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বাসিন্দা। তিনি এর আগে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ও ঘোষপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফরিদপুর সদর উপজেলার ঈষান গোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্ত্রী তাসলিমা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহতের স্ত্রী তাসলিমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছিলেন। পথে একটি বেপরোয়া বাস তাকে ধাক্কা দেয়। আমার স্বামী ঘটনাস্থলেই মারা গেছেন। এখন সন্তানদের নিয়ে কীভাবে থাকবো?”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “নিহত রিবুল জিসান আমার থানার এলাকার বাসিন্দা। তবে দুর্ঘটনাটি ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় হওয়ায় এ বিষয়ে সদর থানা আইনগত ব্যবস্থা নেবে।”
নিহতের মরদেহ বর্তমানে ফরিদপুর হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।