ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বক্তব্য বিকৃত করার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের প্রতিবাদ

বক্তব্য বিকৃত করার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা জামায়াত।

রোববার (২২ জুন) জেলা জামায়াতের আমীর আ.জ.ম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ অভিযোগ করা হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত ১৯ জুন মুন্সীগঞ্জ জেলা জামায়াত আয়োজিত বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমীর ডা. শফিকুর রহমান এমপি।

ওই অনুষ্ঠানে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি মুন্সীগঞ্জ জেলার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমার বিশ্বাস এ জেলায় কোনো চাঁদাবাজি হয় না।’

এ সময় উপস্থিত সাংবাদিক ও সুধীজনেরা তার বক্তব্যের জবাবে বলেন, ‘এখানেও চাঁদাবাজি হয়।’ মুন্সীগঞ্জ জেলা জামায়াতের দাবি, আমীরে জামায়াতের বক্তব্যের অর্থ পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ওই অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন, প্রশাসন ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাসহ পাঁচ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

আমীরে জামায়াত কোনো পর্যায়েই মুন্সীগঞ্জবাসীকে অসম্মান করে কোনো মন্তব্য করেননি। তার বক্তব্য দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে বলেও দাবি করা হয়।

জেলা জামায়াতের অভিযোগ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন গত ২০ জুন জেলার একটি অনুষ্ঠানে এবং ২১ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আমীরে জামায়াতের বক্তব্য নিয়ে অসত্য তথ্য উপস্থাপনের চেষ্টা করেন। এ সময় স্পিকার ওই বক্তব্যকে অসংসদীয় বলে উল্লেখ করেন বলেও প্রতিবাদলিপিতে দাবি করা হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, একজন সংসদ সদস্যের কাছ থেকে এ ধরনের অনর্থক বিতর্ক কাম্য নয়। মুন্সীগঞ্জের রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে সত্যনিষ্ঠ ও সহনশীল রাজনৈতিক চর্চার আহ্বান জানিয়েছে জেলা জামায়াত।

প্রতিবাদ,মুন্সীগঞ্জ জেলা জামায়াত,বক্তব্য বিকৃত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত