ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীতে সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে প্রতারণার অভিযোগ তুলে সাবেক স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রফিকুল ইসলাম খলিফা নামে এক ব্যক্তি। তিনি দাবি করেছেন, তার সাবেক স্ত্রী বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন এবং তিনিও এর শিকার হয়েছেন।

সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের ১৯ ও ২০ নম্বর কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম খলিফা বলেন, তিনি বাগেরহাট জেলার পৌর শহরের শাহাপাড়া গ্রামের আহাম্মদ আলী খলিফার ছেলে। অভিযুক্ত রাজিয়া সুলতানা বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামের জবেদ আলী শিকদারের মেয়ে।

তিনি অভিযোগ করে বলেন, রাজিয়া সুলতানার তৃতীয় স্বামী ছিলেন তিনি। তাদের সংসার জীবনে দুই সন্তান রয়েছে। প্রায় আট বছর আগে রাজিয়া তাকে ডিভোর্স দেন। পরে তাদের মধ্যে আবার যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে রাজিয়াকে বিদেশে পাঠানোর জন্য নিজের জমি বিক্রি করে এক লাখ টাকা দেন তিনি। তবে বিদেশ থেকে দেশে ফিরে আসার পর রাজিয়া ওই টাকা ফেরত দেননি।

রফিকুল ইসলাম আরও বলেন, স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও সেই টাকাও তিনি পাননি।

তিনি জানান, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজবাড়ীতে রাজিয়া সুলতানার একটি সংবাদ সম্মেলনের ভিডিও দেখতে পান। ওই ভিডিও থেকে তিনি জানতে পারেন, হাসান খাঁ নামে এক ব্যক্তির সঙ্গে রাজিয়ার পারিবারিক বিরোধ চলছে। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, হাসান খাঁর সঙ্গে রাজিয়ার বিয়ে হয়েছে। অথচ বিষয়টি তার কাছে গোপন রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম অভিযোগ করেন, রাজিয়া সুলতানা বিভিন্ন সময় বিভিন্ন পুরুষকে নানা কৌশলে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেন।

তিনি নিজেকে একজন ভুক্তভোগী উল্লেখ করে বলেন, “আমি চাই না আর কোনো মানুষ তার প্রতারণার শিকার হোক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।”

তবে এ বিষয়ে অভিযুক্ত রাজিয়া সুলতানার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলন,প্রতারণার অভিযোগ,সাবেক স্ত্রী,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত