ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

২১ বছরেও শেষ হয়নি মির্জাগঞ্জ অডিটোরিয়ামের নির্মাণকাজ

২১ বছরেও শেষ হয়নি মির্জাগঞ্জ অডিটোরিয়ামের নির্মাণকাজ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গত ২১ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে একটি অডিটোরিয়াম ভবন। এতে সরকারের লাখ লাখ টাকার সম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৭ জুলাই তৎকালীন বিএনপি সরকারের বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী (এমপি) সুবিদখালী সরকারি কলেজ প্রাঙ্গণে মির্জাগঞ্জ অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পটুয়াখালী জেলা পরিষদের বাস্তবায়নে ৩০ শতাংশ জমির ওপর ৬৭ লাখ টাকা ব্যয়ে এই নির্মাণকাজের ঠিকাদার হিসেবে নিয়োগ পায় মেসার্স মনিরুজ্জামান মনির এন্টারপ্রাইজ।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রথম এক বছরের মধ্যেই ভবনের প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়।

কিন্তু এর কিছুদিন পর দেশে রাজনৈতিক পটপরিবর্তন ঘটলে অডিটোরিয়ামটির নির্মাণকাজ পুরোপুরি থমকে যায়। এরপর থেকে জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পে আর কাজের অগ্রগতি হয়নি। ফলে দীর্ঘ ২১ বছর ধরে ভবনটি লতাপাতা ও পরগাছায় ঢেকে ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে।

ভবনের ইটগুলোতে শ্যাওলা পড়েছে, রডে মরিচা ধরেছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনটি মাদকসেবীদের আশ্রয়স্থল হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

এদিকে একদিকে যেমন বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয় হয়েছে, অন্যদিকে স্থানীয় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো উপজেলাবাসী দীর্ঘদিন ধরে নানামুখী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

অডিটোরিয়ামটি সচল না থাকায় এলাকায় কোনো বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার বা সভার আয়োজন করা সম্ভব হচ্ছে না।

বর্তমানে উপজেলার সর্বস্তরের জনগণ এই অপচয়ের অবসান ঘটিয়ে ভবনটি দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের মাধ্যমে ব্যবহারের উপযোগী করার জন্য বর্তমান প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

ঠিকাদার প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মনিরুজ্জামান মনির বলেন, “বরাদ্দকৃত টাকার কাজ করা হয়েছে। প্ল্যান অনুযায়ী এস্টিমেট ভুল থাকায় কাজ শেষ করা সম্ভব হয়নি। পরবর্তীতে এক কোটি ৭ লাখ টাকা বরাদ্দের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুপারিশ করলেও মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া যায়নি।”

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি বলেন, “এক মাসের মধ্যে পরিত্যক্ত ভবনগুলো পরিদর্শন করা হবে। পরিদর্শন শেষে ভবনগুলো পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নির্মাণকাজ,মির্জাগঞ্জ অডিটোরিয়াম,২১ বছর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত