
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানিশা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তানিশা উপজেলার নবীননগর গ্রামের শাহিন মিয়ার মেয়ে এবং সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী তানিশা কসমেটিক্সের মালিকের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে শিশু তানিশা নিজ বাড়িতে খেলা করছিল। এ সময় একটি ইজিবাইকের চার্জারের তারে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা শাহিন মিয়া জানান, বুধবার সকালে তার শিশুসন্তান তানিশা নিজ বাড়িতে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত একটি ইজিবাইকের চার্জারের তার শরীরে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।