
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পানির মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের করচাদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল শেখ ওই গ্রামের রফিক শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, রাশিদুল একই গ্রামের মোস্তফা শেখের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। বুধবার দুপুরে বাড়ির পানির মোটর খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন তিনি। এতে গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রোকনুজ্জামান বলেন, “হাসপাতালে আনার আগেই রাশিদুলের মৃত্যু হয়েছে।”