ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে পোস্ট পেইড মিটার গ্রাহকদের পক্ষে স্মারকলিপি পেশ

রংপুরে পোস্ট পেইড মিটার গ্রাহকদের পক্ষে স্মারকলিপি পেশ

রংপুরে পোস্ট পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মহানগর নাগরিক কমিটির উদ্যোগে নেসকো রংপুর জোনের প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ-এর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আব্দুল জব্বার সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এবিএম মসিউর রহমান, আমিন মোস্তাজীদ, সুভাষ রায়, সবুজ রায়, মাহবুব আলম প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গ্রাহকদের মতামতকে উপেক্ষা করে নেসকো কর্তৃপক্ষ বাসা-বাড়িতে প্রিপেইড মিটার স্থাপনের কাজ অব্যাহত রেখেছে। যদিও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক গত বছরের ৪ জুলাইয়ের অফিস আদেশে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান এবং নষ্ট মিটার প্রতিস্থাপনের ক্ষেত্রে আবশ্যিকভাবে শুধুমাত্র স্মার্ট প্রিপেইড মিটার ব্যবহার করার সিদ্ধান্তের কথা বলা হয়েছে।

কিন্তু নেসকো কর্তৃপক্ষ সরকারি আদেশকে উপেক্ষা করে বাসা-বাড়ি থেকে পোস্ট পেইড মিটার অপসারণ করে প্রিপেইড মিটার প্রতিস্থাপন করছে। অধিকাংশ বাসা-বাড়িতে প্রিপেইড মিটার স্থাপনে গ্রাহকদের নানাভাবে বাধ্য করার গুরুতর অভিযোগ রয়েছে।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তরফ থেকে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহারের কথা বলা হয়েছে।

এছাড়াও প্রিপেইড মিটারে রিচার্জ করার সঙ্গে সঙ্গে ডিমান্ড চার্জ, ভ্যাট ইত্যাদি নামে অতিরিক্ত অর্থ কর্তন করা হচ্ছে। আবার রিচার্জকৃত ব্যালেন্স শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ছেন।

বিদ্যুৎ আইন ২০১৮-এর বিধানমতে, বকেয়ার দায়ে কোনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কমপক্ষে ১৫ দিন পূর্বে নোটিশ দিতে হয়। প্রিপেইড মিটার পদ্ধতি দেশের প্রচলিত বিদ্যুৎ আইনের সঙ্গেও সাংঘর্ষিক। এমনকি প্রিপেইড মিটার পদ্ধতিতে রিচার্জ করতে গিয়ে প্রযুক্তির নামে গ্রাহকরা বিড়ম্বনার শিকার হচ্ছেন।

বিদ্যুৎ বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান। সেখানে জনগণকে আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হবে কেন? দীর্ঘদিনেও গ্রাহকদের ক্ষোভ-অসন্তোষকে আমলে না নিয়ে নেসকো কর্তৃপক্ষ একতরফাভাবে প্রিপেইড মিটার স্থাপনের কাজ চলমান রেখেছে।

সম্প্রতি রংপুর নগরীর বিভিন্ন এলাকায় পোস্ট পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদান বন্ধ করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে, যা চরম স্বেচ্ছাচারিতা ও জবরদস্তির শামিল।

স্মারকলিপি পেশ,রংপুর,পোস্ট পেইড মিটার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত