
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদী-তে সাঁতার শিখতে গিয়ে মাদরাসার দুই শিশু ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চর এলাকার আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১) এবং টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১২)।
এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। সিরাজগঞ্জ সদর নৌ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার নিশ্চিতপুর ৬ নম্বর নৌকাঘাট এলাকায় যমুনা নদী-তে সাঁতার শিখতে স্থানীয় মাদরাসার তিন ছাত্র নামে। এ সময় স্রোতের টানে দুইজন নদীতে ডুবে যায় এবং অপরজন সাঁতরে নদীর তীরে উঠে আসে।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে দুপুরে জেলেরা যমুনা নদী-তে জাল ফেলে ওই দুই মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। পরে কোনো অভিযোগ না থাকায় বিকেলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।