ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ভেজাল সার বিতরণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জে ভেজাল সার বিতরণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গাছের চারা ও সার বিতরণে জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি ও ময়লা-আবর্জনা বিতরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত এবং সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মেরাজ হোসেন মিসবাহ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মঞ্জুরে মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গাছের চারা ও সার বিতরণ করা হয়। এ সময় জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি ও ময়লা-আবর্জনা বিতরণ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সারের বিতরণ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে এবং যে কোম্পানি থেকে সার কেনা হয়েছে, তাদের বিল পরিশোধ না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত শেষে ভালো মানের জৈব সার বিতরণ করা হবে এবং আইন অনুযায়ী সংশ্লিষ্ট সারের কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

তদন্ত কমিটি গঠন,ভেজাল সার বিতরণ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত