
মাগুরার শ্রীপুর উপজেলায় ফেসবুক লাইভকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধের জেরে মো. আলম শেখ (৫০) নামে এক বিএনপি নেতাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১২টায় উপজেলার ৫ নং দারিয়াপুর ইউনিয়নের ঘষিয়াল জামে মসজিদের সামনের পাকা সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত আলম শেখ আমলসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং করুন্দী গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুক্তভোগী আলম শেখের ছেলে মোঃ সজীব মন্ডল (৪০) বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কয়েকবার রাজনৈতিক মামলায় কারাবরণ করেন।
সম্প্রতি গত ৩১ মে ও ২ জুন সজীব মন্ডল তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘S M Sajib Ahmed’ থেকে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ বদরুল আলম হিরুর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ফেসবুক লাইভ করেন। ওই লাইভের পর থেকেই সাবেক সভাপতি হিরুর অনুসারীরা সজীব ও তার বাবার ওপর ক্ষিপ্ত ছিল এবং বিভিন্ন সময় তাদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
আজ দুপুর ১২টার দিকে আলম শেখ টিকারবিলা বাজার থেকে গোয়ালদাহ বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঘষিয়াল গ্রামের জামে মসজিদের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা করুন্দী গ্রামের নুরুল (৫০), তাজু (২০), তাফিন (২২), রিয়াজ (২২)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা তাকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে।
এ সময় আলম শেখের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওলি মিয়া, শ্রীপুর থানার ওসি, জানান—ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।