ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সার কেলেঙ্কারির জেরে সিরাজগঞ্জে কৃষি অফিসারের বদলি

সার কেলেঙ্কারির জেরে সিরাজগঞ্জে কৃষি অফিসারের বদলি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মন-কে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা কৃষি অফিসার হিসেবে বদলি করা হয়েছে। জৈব সারের পরিবর্তে পলিথিনযুক্ত ময়লা-আবর্জনা বিতরণের ঘটনায় তাকে এ বদলি করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম মনজুরে মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বুধবার প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কামারখন্দে গাছের চারা ও সার বিতরণ করা হয়।

এ বিতরণে জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি ও ময়লা-আবর্জনা বিতরণের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম-কে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়। এ ঘটনায় রোববার এক অফিস আদেশে ওই কৃষি অফিসারকে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা কৃষি অফিসার হিসেবে বদলির আদেশ জারি করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

আদেশে উল্লেখ করা হয়েছে, আগামী ১ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২ জুলাই থেকে তিনি স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।

কৃষি অফিসার,সিরাজগঞ্জ,সার কেলেঙ্কারি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত