ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে আলোচনা সভা ও র‌্যালি

রংপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে আলোচনা সভা ও র‌্যালি

‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে রংপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস, ২০২৬’ উদ্যাপিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। রংপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুশ্রম বাংলাদেশে একটি ভয়াবহ সামাজিক সমস্যা। দেশের ছোট ও মাঝারি শিল্পকারখানাগুলোতে এই ধরনের শিশুশ্রমের প্রবণতা তুলনামূলকভাবে বেশি।

বিশেষ করে কলকারখানা, পুরোনো ব্যাটারি পুনর্ব্যবহার, প্লাস্টিক ও বর্জ্য সংগ্রহের মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রমের উপস্থিতি বেশি দেখা যায়। এসব ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার শিকার হচ্ছে।

শিশুশ্রম নিরসনে কলকারখানার মালিকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের পরিবর্তে প্রাপ্তবয়স্ক বা প্রকৃত শ্রমিক নিয়োগ করলে তারা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে ন্যায্য পারিশ্রমিক পাওয়ার সুযোগ পাবে। এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং শিশুশ্রম বন্ধ হবে।

তিনি আরও বলেন, শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে শোভন কর্মপরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র এবং শ্রম আইন বাস্তবায়ন জরুরি। একক কোনো উদ্যোগের মাধ্যমে শিশুশ্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি শিশুশ্রম নিরসনে শ্রমিক সংগঠন, শিল্প মালিক, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) আফজাল হোসেন, শ্রম পরিদর্শক (সেফটি) বিশ্বনাথ মোহন্ত, শ্রম পরিদর্শক (সাধারণ) মো. জুলফিকার আলী প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিল্প-কলকারখানার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি,আলোচনা সভা,প্রতিরোধ দিবস,বিশ্ব শিশুশ্রম,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত