
সিরাজগঞ্জে মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহীর জায়গীরপাড়া গ্রামের ওসমান গনি (৩৫), গোফরান (৩৩), মুক্তারপুর গ্রামের আলেফ (২৮), গৌরশহরপুর গ্রামের মানিক (২৮), বিড়ালদহ গ্রামের আনিছ (৩৮) ও শেখের চর গ্রামের রাজিব (৩২)।
সেইসঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম সোমবার দুপুরে এ রায় দেন।
ওই আদালতের এপিপি হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ২০১২ সালের ১৫ জুলাই যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ মহাসড়কে টহল ডিউটি পালন করছিল।
এ সময় একদল মাদক ব্যবসায়ী রাজশাহী থেকে প্রাইভেটকারযোগে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সকাল থেকে যমুনা সেতু গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনের তল্লাশি চালায় পুলিশ।
পরে বিকেলে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা জানান, এ ঘটনার সঙ্গে আরও ৩ জন জড়িত রয়েছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৩১ ডিসেম্বর ওই ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।