ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

তিস্তার পানি কমছে, তবে বৃষ্টিতে ফের বাড়তে পারে নদীর পানি

তিস্তার পানি কমছে, তবে বৃষ্টিতে ফের বাড়তে পারে নদীর পানি

উজানের ঢল কমে যাওয়ায় রংপুরে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। রংপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমবার (২৯ জুন) বিকেল ৩টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

একই সময়ে ডালিয়া পয়েন্টে পানি কমে বিপদসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

এর আগে, রবিবার সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে রবিবার দিবাগত মধ্যরাতে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমতে থাকায় জলাবদ্ধতার উন্নতি ঘটে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের অভ্যন্তরে রংপুর বিভাগ ও এর উজানে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে আগামী দুই দিন ভারী থেকে অতিভারী এবং পরবর্তী তিন দিন মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, তিস্তা নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

বন্যা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে।

নদীর পানি,ফের বাড়তে পারে,তিস্তার পানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত